জামালপুরে ঘরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ
শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় এ পরীক্ষার্থী।
জামালপুরের বকশীগঞ্জে ঘর থেকে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে রোববার রাত ৮টার দিকে সারজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয় বলে বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান।
সারজিনা (১৫) বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড়ের সামছের আলীর মেয়ে। সে স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমি থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলো।
শনিবার সারজিনা সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয় বলে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর সাংবাদিকদের জানান।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই সারজিনার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
