২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

২০১১ সালের ৫ জানুয়ারি মাইনুদ্দিনের পরিবার শাহনাজকে তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 12:44 AM

Updated : 15 Jun 2023, 12:44 AM

চাঁদপুরের কচুয়ায় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন বলে জানিয়েছেন এপিপি খোরশেদ আলম শাওন। 

দণ্ড পাওয়া ব্যক্তির নাম মাইনুদ্দিন মহিন। তিনি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা। 

এপিপি বলেন, নিহত নারীর নাম শাহনাজ। তিনি একই ইউনিয়নের চাঙ্গিনী গ্রামের আলী হোসেনের মেয়ে। তাকে হত্যার দায়ে মাইনুদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ৫ ডিসেম্বর শাহনাজকে তার পরিবারের অমতে অপহরণ করে বিয়ে করেন মাইনুদ্দিন। এ কারণে মাইনুদ্দিনের পরিবার তার ওপর ক্ষিপ্ত হয়। 

এরপর মাইনুদ্দিন ও তার পরিবার শাহনাজের কাছে দুই লাখ টাকা যৌতুকের দাবি করে এবং তাকে নির্যাতন করতে থাকে। ঘটনা জানাজানি হলে শাহনাজকে তার মামা রহুল আমিন পানশাহী গ্রামে নিজ বাড়িতে নিয়ে রাখেন। এরপর মাইনুদ্দিন ও তার পরিবারের লোকজন অঙ্গীকারনামা দিয়ে শাহনাজকে বাড়িতে নিয়ে যান।  

২০১১ সালের ৫ জানুয়ারি মাইনুদ্দিনের পরিবার শাহনাজকে তার বাবার কাছ থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু যৌতুক এনে দিতে না পারায় বাক-বিতণ্ডার এক পর্যায়ে ওইদিন সকাল আনুমানিক ৭টার দিকে মাইনুদ্দিন শাহনাজের গায়ে কেরোসিন ঢেলে দিয়াশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে শাহনাজের পুরো শরীর পুড়ে যায়।

মামলায় আরো বলা হয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে এ ঘটনা জানতে পেরে শাহনাজের পরিবার তাকে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে পাঁচদিন চিকিৎসায় থাকার পর ১১ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় শাহনাজের চাচা মো. আকতার হোসেন বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় মাইনুদ্দিন, তার বাবা আবু জাফর, মা মনোয়ারা বেগম ও ভাই শাহজাহানকে আসামি করা হয়। 

এপিপি খোরশেদ আলম শাওন জানান, ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় কচুয়া থানার তৎকালীন এসআই মো. নুরুল ইসলামকে। তিনি তদন্ত শেষে ২০১১ সালের ১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

খোরশেদ আলম শাওন জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় চলমান এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার মূল আসামি মাইনুদ্দিন পলাতক, এছাড়া তিন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।