অস্ত্র হাতে ছবি: সিলেটের আফতাবের প্রার্থিতা বাতিল
বর্তমান কাউন্সিলর আফতাব সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কারণে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
ফলে আগামী ২১ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ঘুড়ি প্রতীকের এই প্রার্থীর ভোট করা হচ্ছে না। তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
আফতাব ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র হাতে আফতাবের মহড়া দেওয়ার ছবি-ভিডিও সংবাদ মাধ্যমে এসেছিল। এছাড়া ওই ওয়ার্ডে লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগও করেছিলেন।
তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আফতাবকে ঢাকায় তলব করে। বুধবার নিজের বক্তব্য নিয়ে আফতাবকে তার বিরুদ্ধে অভিযোগের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।
শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “মামলা, এজাহার, ভিডিও ফুটেজ ও প্রার্থীর আইনজীবীদের বক্তব্য শুনে প্রতীয়মান হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তার প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন।”
নির্বাচনী আচরণ বিধিমালা'র ৩০ অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য আফতাবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অস্ত্র, অর্থ, পেশি শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে আফতাবের। তিনি সাংবাদিকদের বলেন, “প্রার্থিতা ফিরে পেতে আমি হাই কোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছি।”
সম্প্রতি সিলেট নগরীর ১৩/১৩ সুবিদবাজার দিঘীরপাড়ে সায়ীদ আব্দুল্লাহর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোকের উপস্থিতির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সিসি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, সায়ীদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা ওই যুবকরা বাসার সামনে গিয়ে গেটের দিকে অস্ত্র প্রদর্শন করে।
ওই ঘটনায় গত শুক্রবার রাতে বিমানবন্দর থানায় সায়ীদ আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। তাতে আফতাবকে প্রধান আসামি করা হয়। মামলার পর তিনজনকে গ্রেপ্তারও করে পুলিশ।
এদিকে অভিযোগ পাওয়ার পর ইসিও ঘটনার তদন্ত করতে বলে রিটার্নিং কর্মকর্তাকে। তিনি যে প্রতিবেদন দাখিল করেন, তাতে ঘটনাটির সত্যতা পাওয়া গেলে ঢাকায় শুনানিতে ডাকা হয় আফতাবকে।
চলমান সিটি নির্বাচনে এর আগে গাজীপুরে এক কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। গাজীপুরের ওই প্রার্থীও আওয়ামী লীগের নেতা।
