১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একাত্তরকে অসম্মানের চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান: ইশরাক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 09:11 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

তিনি বলেন, “একাত্তরকে যারা মুছে ফেলতে চায়, সেসব রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে।”

বুধবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না মন্তব্য করে ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি একাত্তরে স্বাধীনতার ঘোষণা করেছেন।” 

প্রতিমন্ত্রী বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ইতিহাস বিকৃত করতে চায়, তারা স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।