২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা

পুলিশ জানায়, রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2023, 12:45 AM

Updated : 14 Dec 2023, 12:45 AM

রাজশাহী-৫ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান। 

পুলিশ জানায়, পুঠিয়া উপজেলার সাহাবাজপুর গ্রামে আবুল হোসেন বাড়ি। রাত ১১টার দিকে মোটরসাইকেলে গিয়ে দুই যুবক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

বোমাটি বাড়ির গেইটে পড়ে আগুন ধরে যায়। এ সময় বাড়ির লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। গেইটে একটি মোটরসাইকেল রাখা ছিল।

জাপা প্রার্থী অধ্যাপক আবুল হোসেন বলেন, “নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয় দেখাতে হয়তো এই হামলা চালানো হয়েছে। এতে আমি ভয় পাই না। জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে থাকবো ইনশাল্লাহ।”

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে পেট্রোল বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।”