‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই, শান্তিপূর্ণ ভোট হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কোনো বিষয় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
বুধবার বিকালে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে।”
এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কোনো প্রার্থী যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অশোভন আচরণে জড়ায়, তবে তা সমাজে প্রকাশ পেলে ওই প্রার্থী স্বাভাবিকভাবেই জনগণের কাছে কোণঠাসা হয়ে পড়বেন। তারপরও কেউ সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি।
