নাটোরে পিস্তল ঠেকিয়ে পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পিস্তল ঠেকিয়ে এক পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) ওই উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, শনিবার সন্ধ্যায় হাফানিয়া থেকে পেঁয়াজ ব্যবসায়ী জাহাঙ্গী মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় চার থেকে পাঁচজন হেলমেট পরা সন্ত্রাসী জাহাঙ্গীরের পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন।
এসময় তার কাছে থাকা দুই লাখ ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের মারধরে আহত জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে; বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
