২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শোক দিবসের কর্মসূচি ‘পণ্ড’, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

শিক্ষকদের অভিযোগ, কর্মসূচির শেষের দিকে ইউপি সদস্য সাহাবুল ইসলাম দলবল নিয়ে স্কুলে আসেন; শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2022, 11:21 PM

Updated : 15 Aug 2022, 11:27 PM

‘দাওয়াত না দেওয়ায়’ রাজশাহীর চারঘাটে জাতীয় শোক দিবসের কর্মসূচি পণ্ড করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

উপজেলার তাতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার এ ঘটনা ঘটে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শিক্ষকরা লিখিত অভিযোগে বলেন, সকালে স্কুলে শোক দিবসের কর্মসূচি চলছিল। কর্মসূচির শেষের দিকে শলুয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাহাবুল ইসলাম দলবল নিয়ে স্কুলে হাজির হন। শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। এ সময় স্কুলের নৈশ প্রহরী মামুন রশিদ প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পড় মারা হয়।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা পারভীন মোবাইল ফোনে ছবি তুলতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তারা শিক্ষিকার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ইউপি সদস্য সাহাবুল ভিডিওটি মুছে দেন বলে অভিযোগ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা পারভীন বলেন, “স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সামনে শিক্ষক ও কর্মীচারীদের লাঞ্ছিত করা হয়েছে। এ সময় স্কুলের নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে ফেলে কাজ বন্ধ করে দেয় ইউপি সদস্য ও তার লোকজন।”

শোক দিবসের কর্মসূচি পণ্ড করার অভিযোগ অস্বীকার করে সাহাবুল ইসলাম বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে স্কুলের যেকোনো অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার যোগ্যতা রাখি। কিন্তু আমাকে কোনো অনুষ্ঠানেই দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত না দিলেও লোকজন নিয়ে শোক দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেছি।”

তবে ‘খারাপ আচরণ করায়’ নৈশ প্রহরীকে চড়-থাপ্পড় মারার কথা স্বীকার করে সাহাবুল বলেন, স্কুলের ভবন নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে। এক ব্যাগ সিমেন্টের সাথে চার ব্যাগ বালু দেওয়ার কথা; সেখানে ছয় ব্যাগ বালু দেওয়া হচ্ছিল।

“এ জন্য নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডেকে তাদের সামনে নির্মাণ কাজ করার জন্য বলা হয়েছে।”

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।”