মৌলভীবাজারে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আহত হায়দার মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন; আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের লালবাগের হাইল হাওরে এবং কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর মাঠে বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার লালবাগ আবাসিক এলাকার মবত মিয়ার ছেলে রিয়াজ আহম্মেদ (৩২) এবং কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর গ্রামের জীতেন্দ্র শব্দকরের ছেলে সোম শব্দকর।
আহত হায়দার মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানা ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রিয়াজ হাইল হাওরের পাড়ে ধান কাটার কাটতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হায়দারকে হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানা ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সোম শব্দকর মঙ্গলপুর মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটোস্থলেই মারা যান।
এদিকে বজ্রপাতের সময় শিলা বৃষ্টিতে এলাকার পাকা ধান, আমসহ অনান্য ফসলের ক্ষতি হয় হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকার কৃষক অর্জুন মালাকার জানান, সকালে শিলাবৃষ্টিতে তাদের ফসলের ক্ষতি হয়েছে।
