ঘূর্ণিঝড় রেমাল: বরগুনায় ৩ লক্ষাধিক মানুষের আশ্রয় ও খাদ্যের প্রস্তুতি
স্বাস্থ্য বিভাগ ৪২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের ছয়টি টিমসহ ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়-ক্ষতি মোকাবেলায় বরগুনায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে তিন লক্ষাধিক মানুষের নিরাপদ আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, বেসরকারি উন্নয়ন সংগঠন, সিবিডিপি, রেড ক্রিসেন্ট ছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ের জন্য তাদের প্রস্তুতির বিষয় তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক জানান, জেলায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ৪২টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের ছয়টি টিমসহ ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
সভায় বেসরকারি উন্নয়ন সংগঠন জাগো নারী, আরডিএফ, সংগ্রাম, ব্র্যাক তাদের সক্ষমতা ও প্রস্তুতির বিষয় অবহিত করেন।
এছাড়া বরগুনার পাথরঘাটা ও তালতলী উপজেলায়ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন:
