রাজনৈতিক মতবিরোধের সুযোগ নিতে পারে জঙ্গিরা, রংপুরে অতিরিক্ত আইজি
রাজধানীর নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদের প্রভাব রয়েছে বলে জানান রুহুল আমিন।
বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধের সুযোগ নিয়ে জঙ্গিরা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন।
তিনি বলেছেন, “নির্বাচনের সঙ্গে জঙ্গিবাদের খুব একটা সম্পর্ক আছে বলা যাবে না। তবে জঙ্গিরা সব সময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এজন্য আমরা সতর্ক রয়েছি।”
শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ‘উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান রুহুল আমিন বলেন, “জঙ্গিবাদ নির্মূলে আমরা সবাই মিলে একসঙ্গে সমন্বয় করে কাজ করছি। আশা করছি জঙ্গিরা বাংলাদেশের মাটিতে আর ঘাঁটি করতে পারবে না।
“জঙ্গিবাদ দমন ও নির্মূলে কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে সারাদেশের প্রত্যেকটি মেট্রোপলিটন ও জেলায় একটি করে কাউন্টার টেরোরিজম ইউনিট খোলা হয়েছে। প্রতিটি ইউনিট প্রধান ও তার সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।”
উত্তরাঞ্চলে জঙ্গিবাদের প্রভাব বেশি উল্লেখ করে অতিরিক্ত আইজি আরও বলেন, “দারিদ্র্যের সঙ্গে জঙ্গিবাদের একটা সম্পর্ক রয়েছে। কেননা এক সময় উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগে দরিদ্রতা ছিল, আর্থিক অবস্থা ভালো ছিলো না, সেই সুযোগে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।
“তবে শুধু উত্তরাঞ্চলেই নয়, বর্তমানে সারাদেশেই উগ্রবাদ ও জঙ্গিবাদ রয়েছে। বিশেষ করে রাজধানীর নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে এর প্রভাব রয়েছে।”
ভার্চুয়াল জগতে জঙ্গিরা খুবি তৎপর জানিয়ে এটিইউ প্রধান বলেন, “আমরা সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা এবং মনিটরিং করছি। সেইসঙ্গে জনসাধারণের সহযোগিতা ছাড়া জঙ্গিবাদ দমন এবং নির্মূল সম্ভব নয়।
“এজন্য জনসাধারণের সঙ্গে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে সেমিনারসহ অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছি; যা চলমান রয়েছে।”
সেমিনারে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
