২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার

“আপাতত এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত শেষ করে বাকিটা বলা যাবে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 03:20 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

বরিশালের বানারীপাড়ায় রাস্তার পাশের জমি থেকে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোররাত ৪টার দিকে উদয়কাঠি ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়ার থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।

নিহত ৪৫ বছর বয়সী মো. তৈয়ব বাহাদুর উপজেলার ইলুহার ইউনিয়নের বাসিন্দা আজাহার বাহাদুরের ছেলে। তিনি উদয়কাঠি বাজারের মুদি ও বিকাশ এজেন্ট।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ওসি মজিবুর বলেন, “শনিবার রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলেন তৈয়ব বাহাদুর। পরে দোকান বন্ধ করে দিনের লেনদেনের টাকা নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

“কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেনি। তখন পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে রাত আনুমানিক ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।”

স্থানীয়রা জানিয়েছেন, ঈদের বেচাবিক্রির টাকা নিয়ে তৈয়ব বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। টাকা নিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ওসি বলেন, “আপাতত এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত শেষ করে বাকিটা বলা যাবে। পরিবার এখনো থানায় কোন অভিযোগ দেয়নি।”