মাদারীপুরে ট্রাক্টর উল্টে মামা ও ২ ভাগ্নে নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চড়ে বসা চারজনকে নিয়ে সেটি পাশের খালে উল্টে পড়ে।
মাদারীপুরে চাষের ট্রাক্টর উল্টে মামা ও দুই ভাগ্নে নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের মাদ্রা গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ জানান।
নিহতরা হলেন, ওই গ্রামের কালু ফরাজীর ছেলে জুবায়ের ফরাজী (১১), জিহাদ ফরাজী (১৪) এবং একই গ্রামের আবদুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (২২)। জহিরুল সম্পর্কে জুবায়ের-জিহাদের মামা হন।
কালু ফরাজী জানান, মাহিন্দ্র ট্রাক্টরটি চাষ শেষে ক্ষেত থেকে সড়কে উঠানো হচ্ছিল। তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চড়ে বসা চারজনকে নিয়ে পাশের খালে উল্টে পড়ে।
নূর মোহম্মদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের নিচে তিনজনকে চাপা পড়া অবস্থায় পান। সেখান থেকে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুবায়ের এবং জিহাদকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জহিরুল ইসলাম।
“আহত চালক আসাদ হোসেনকে (৪০) ওই হাসপাতালে ভর্তি করা হয়।”
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
