নওগাঁয় কিশোরীকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
বাড়িতে এসে মেয়ে তার মাকে এ ঘটনা জানালে তিনি পোরশা থানায় একটি মামলা করেন।
নওগাঁর পোরশা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মকবুল হোসেন।
মামলার সূত্রে তিনি জানান, ২০২০ সালের ২৫ ডিসেম্বর উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে তার বাবা (৪১) নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারি বাগানের জনশূন্য এলাকায় মেয়েকে ধর্ষণ করেন বাবা।
পরে বাড়িতে এসে মেয়ে তার মাকে এ ঘটনা জানালে তিনি পোরশা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ১৯ মে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ১৪ নভেম্বর দশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়।
মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ সময় আসামি এজলাসকক্ষে উপস্থিত ছিলেন।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি মকবুল হোসেন। তবে এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী শুভ্র সাহা।
