গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল হেল্পারের
মহাসড়কের কাশিয়ানী রাতইল ইটভাটা এলাকায় আগে থেকেই ট্রাকটি দাঁড়িয়েছিল।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি পিকআপ ধাক্কা দিলে পিকআপের হেল্পার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফুল ইসলাম।
নিহত ৩৫ বছরের ইলিয়াস শেখ খুলনার লবণচরার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে।
আহতরা হলেন, পিকআপের চালক হেমায়েত (৪০) ও শ্রমিক রবিউল (৪৫)।
ওসি শরিফুল জানান, মহাসড়কের কাশিয়ানী রাতইল ইটভাটা এলাকায় আগে থেকেই একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোরে গাড়িটির পিছনে ধাক্কা দেয় খুলনাগামী পিকআপটি।
“এতে ঘটনাস্থলেই পিকআপের হেল্পার ইলিয়াস নিহত হন। আহত হন চালক ও এক শ্রমিক। তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়।”
পরে দু'জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
