গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী গ্রেপ্তার
“আমাদের বিশ্বাস, একটি রাজনৈতিক দলের নেতাদের ইন্ধনেই প্রশাসন আমার বাবাকে গ্রেপ্তার করেছে।”
গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার নির্বাচনি প্রচারের প্রধান সমন্বয়কারী মুজিবুর রহমান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার শহরের পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।
গ্রেপ্তার মুজিবুর রহমান সিকদার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার নির্বাচনি প্রচার ও মাঠপর্যায়ের কার্যক্রমের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মুজিবুরের পরিবারের সদস্যদের অভিযোগ, নির্বাচনি প্রচারে ‘সক্রিয় ভূমিকার’ কারণেই রাজনৈতিক প্রতিপক্ষ ‘প্রশাসনকে প্ররোচিত’ করে তাকে গ্রেপ্তার করিয়েছে।
তবে পুলিশ বলছে, তিনি গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
মুজিবুর রহমান সিকদারের ছোট ছেলে শাওন সিকদার বলেন, “সোমবার সন্ধ্যায় আমার বাবার নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের বাড়িতে উঠান বৈঠক হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহর থেকে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে।
“তাকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমার বাবা যদি ওই মামলার আসামি হয়ে থাকেন, তাহলে এতদিন তাকে কেন গ্রেপ্তার করা হয়নি?”
তিনি বলেন, “আমাদের বিশ্বাস, একটি রাজনৈতিক দলের নেতাদের ইন্ধনেই প্রশাসন আমার বাবাকে গ্রেপ্তার করেছে।”
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া বলেন, “মুজিবুর রহমান সিকদার যদি ওই মামলার আসামি হয়ে থাকেন, তাহলে এতদিন তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? তিনি তো দীর্ঘদিন ধরেই গ্রামেই ছিলেন।
“যখন তিনি আমার নির্বাচন পরিচালনার নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক তখনই তাকে গ্রেপ্তার করা হলো। এতে রাজনৈতিক উদ্দেশ্যের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।”
তিনি বলেন, “সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের মামলার এজাহারে মুজিবুর সিকদার নাম রয়েছে। কিন্তু চন্দ্রদিঘলিয়া গ্রামেই এই নামে অন্তত পাঁচজন ব্যক্তি রয়েছেন। সঠিক যাচাই-বাছাই ছাড়া তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিসয়ে জানতে চাইলে ওসি আনিসুর বলেন, মুজিবুর রহমান সিকদারকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই গ্রেপ্তার করা হয়েছে।
