টেকনাফে 'ইয়াবা কারবারে বিরোধের’ জেরে যুবক খুন
পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রতিপক্ষের উপর হামলা চালায় বলে পুলিশ জানায়।
কক্সবাজারের টেকনাফে 'ইয়াবা কারবারের বিরোধের' জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন জানান, শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৪ ব্লকের বাসিন্দা গোলাম কাদিরের ছেলে মোহাম্মদ রেদোয়ান (২৬) ও লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা মোহাম্মদ সুমন মিয়া (৩৫)। শনিবার সকালে তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত জহিরুল ইসলাম (৩৮) লক্ষ্মীপুর জেলার বিজয় নগর থানার হাশুন্দি এলাকার এনজু মিয়ার ছেলে। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকায় ইয়াবা কারবার নিয়ে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ চক্রের সদস্যরা প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হয়।
পরিদর্শক নাছির বলেন, রাত পৌনে ১২টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। নিহতের মৃতদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কনপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
