২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক হাসপাতালে

ওই কারখানায় দুই হাজার ৮০০ শ্রমিক কর্মরত।

গাজীপুরে কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক হাসপাতালে
গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 08:42 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

গাজীপুর মহানগরীতে একটি কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক বমি ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন।  

রোববার দুপুরে মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান। 

এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম-প্রশাসন) মো. রাজন জানান। 

শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, ওই কারখানায় দুই হাজার ৮০০ শ্রমিক কর্মরত। প্রতিদিনের মত তারা সকালে কাজে যোগ দেন। এ সময় কেউ কেউ কারখানার সরবরাহ করা পানি পান করেন। 

কিছু সময় পর থেকেই অনেকের পেটে ব্যথা অনুভব করেন। কেউ কেউ বমিও করেন। প্রায় দেড়শ লোক আক্রান্ত হয়ে পড়েন।  

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা অসুস্থদের স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলী বলেন, “৬৭ জন ভর্তি আছেন, এদের মধ্যে ১১ জন অন্তঃসত্ত্বা। তাদের গাইনি বিভাগে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ৭০-৭৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।” 

রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেডের কর্মকর্তা মো. রাজন বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। খোঁজে দেখার চেষ্টা হচ্ছে। কাজ চলছে।”

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, চিকিৎসার পর বেশিরভাগ শ্রমিকই এখন সুস্থ।