২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলের ইউনিফর্ম পরে মিছিল, খেলাফতের স্লোগান

‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড স্টুডেন্টস কমিউনিটি অব নারায়ণগঞ্জ’ লেখা ব্যানার নিয়ে কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে এই মিছিলে অংশ নেয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 08:23 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

ইসলামি খেলাফত প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিয়ে নারায়ণগঞ্জে মিছিল করেছে একদল কিশোর ও তরুণ। 

মিছিলকারীদের হাতে ছিল কালেমা লেখা কালো-সাদা পতাকা। শরীর ও কপালেও কালেমা লেখা কাপড় বাঁধা ছিল।

রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকা থেকে মিছিলটি বের হয়। তাদের সঙ্গে থাকা ব্যানারে লেখা ছিল ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড স্টুডেন্টস কমিউনিটি অব নারায়ণগঞ্জ’। কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে এই মিছিলে অংশ নেয়।

ইংরেজিতে লেখা ওই ব্যানারে বলা হয়, ‘লেবানন ও পবিত্র ভূমি ফিলিস্তিনে গণহত্যা এবং মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অপমানের গণপ্রতিবাদ সমাবেশ’।

মিছিলটি পরে শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বহরও দেখা যায়। ওই বাহনগুলোতে কালো-সাদা পতাকা বাঁধা ছিল।

মিছিল থেকে ‘মুক্তির এক পথ, খেলাফত খেলাফত’, ‘খেলাফতের দাবিতে, নামতে হবে রাজপথে’, ‘বিশ্বনবীর ইজ্জত, রক্ষা করবে খেলাফত’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এ ছাড়া, ‘তাকবির, আল্লাহু আকবর’, ‘তেরা মেরা রিশতা কেয়া, লা ইলাহা ইল্লাহ’, ‘আমেরিকা ও ভারতের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’ ইত্যাদি স্লোগান দেন মিছিলকারীরা।

প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের একপাশে জমায়েত হয়ে দুজন তরুণ সেখানে বক্তব্য দেন। তবে তারা কেউ নাম-পরিচয় প্রকাশ করেননি।

বক্তব্যে তাদের একজন বলেন, “ইসরায়েল গাজার মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা গত এক বছরে প্রায় ৪৫ হাজারের মত মুসলিম মা, ভাই-বোন ও শিশুদের হত্যা করেছে। অথচ আন্তর্জাতিক মহল থেকে কোনো সমাধান বা প্রতিক্রিয়া দেখছি না। আসলে এই আন্তর্জাতিক মহল হচ্ছে আমেরিকা, ব্রিটেন মদদপুষ্ট; যারা মূলত এই হত্যাযঞ্জের সঙ্গে জড়িত।”

আরেকজন বলেন, “কয়েকদিন আগে ভারতে রাসুলুল্লাহ (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে। কতটা দুঃসাহস তাদের। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মুসলমানের জান ও আকিদা দুটোই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর একমাত্র সমাধান ইসলামিক শাসনব্যবস্থা তথা নব্যুয়তের আদলে খেলাফত ব্যবস্থা। 

“একমাত্র খেলাফত ব্যবস্থা ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে আমাদের প্রথম কেবলা আল-আকসা ও ফিলিস্তিনকে মুক্ত করবে। এবং খেলাফত রাষ্ট্র রসুল অপমানের যোগ্য জবাব দেবে ইনশাল্লাহ। তাই আমাদের আহ্বান মুসলিম সেনাবাহিনীর প্রতি এবং সব শ্রেণির মুসলিমদের প্রতি, তারা যেন খেলাফত প্রতিষ্ঠায় এগিয়ে আসেন।”

এ সময় মিছিলকারীরা ‘সেনাবাহিনী প্রেরণ করো, পবিত্র ভূমি রক্ষা করো’ স্লোগান দেন।

মিছিলে থাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী বলেন, তারা সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানেন না। নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিলে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান দেখে তারা এসেছেন।

যোগাযোগ করা হলে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রদের ব্যানারে কিছু কিশোর-তরুণ শহরে মিছিল করেছে। তাদের হাতে আরবিতে লেখা সাদা-কালো পতাকা ছিল। আমরা থানা থেকে টিম পাঠিয়েছিলাম কিন্তু যানজটের কারণে সময়মত পৌঁছাতে পারেনি। 

“পরে স্থানীয়দের মাধ্যমে জেনেছি, তারা লেবানন ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মিছিল করেছে। তবে কারা এর অর্গানাইজার সেই বিষয়ে এখনও তথ্য পাইনি। পুলিশের গোয়েন্দা সংস্থা এই বিষয়ে খোঁজখবর করছে।”