২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে হেরে পরিষদের আসবাবপত্র খুলে নিলেন চেয়ারম্যান

মালামাল নিয়ে যাওয়ার সময় কোম্পানীগঞ্জের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে অনুরোধ করা হলেও তিনি শোনেননি বলে জানান ইউএনও।

ভোটে হেরে পরিষদের আসবাবপত্র খুলে নিলেন চেয়ারম্যান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষের আসবাবপত্র ও মালামাল নিয়ে যাওয়ার পর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 09:27 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে হেরে পরিষদের কক্ষ থেকে আসবাবপত্র ও মালামাল নিয়ে গেছেন সদ্য বিদায়ী চেয়ারম্যান। এ নিয়ে উপজেলাজুড়ে চলছে সমালোচনা।

কক্ষের ডেকোরেশন ভেঙে মালামাল না নিয়ে যাওয়ার জন্য শামীম আহমদকে অনুরোধ করা হলেও তিনি শোনেননি বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ।

তবে সদ্য বিদায়ী চেয়ারম্যান শামীম আহমদের দাবি, “এ উপজেলায় চেয়ারম্যানের জন্য কোনো নির্দিষ্ট কার্যালয় ছিল না। আমি দায়িত্ব গ্রহণের পর উপজেলা এলজিইডি ভবনে বসার জায়গা করি। সেখানে একটি কক্ষ ডেকোরেশনে ব্যক্তি উদ্যোগে ৪০ লাখ টাকা খরচ করি। 

“এসব নিয়ে যাওয়ার আগে উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটরের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যানকে মালামাল রাখার বিষয়ে বলেছিলাম। কিন্তু উনি না করায় সরকারি মালামাল বাদে আমার লাগানো জিনিসপত্র নিয়ে এসেছি। এ ছাড়া ইউএনও বলেছেন, ব্যক্তিগত হলে নিয়ে যেতে।”

তবে কক্ষে লাগানো টাইলস ও বাথরুমের মালামালসহ কিছু জিনিস রেখে গেছেন বলে জানান শামীম আহমদ।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীকে ২৮ হাজার ২৭৮ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ২২ হাজার ২১৩ ভোট।

উপজেলা চেয়ারম্যানের কক্ষের সৌন্দর্য বর্ধনের ডেকোরেশন ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক থেকে জেনেছেন বলে জানান নবনির্বাচিত চেয়ারম্যান মজির উদ্দিন। 

তিনি বলেন, “আমার জানা মতে, শামীম চেয়ারম্যান হওয়ার পর দানশীল ব্যক্তিরা কক্ষের ডেকোরেশনের জন্য ৩০ লাখ টাকা দিয়েছিলেন; তাহলে এটা ব্যক্তিগত হয় কীভাবে? টাকা দানকারী অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরছেন।”

আসবাবপত্র কেনার কোনো প্রস্তাব না পাওয়ার দাবি করে মজির উদ্দিন বলেন, “নির্বাচিত চেয়ারম্যানদের কার্যালয় ডেকোরেশনের বরাদ্দ থাকে। তিনি এমনটি কেন করলেন তা বোধগম্য নয়।”

ইউএনও সুনজিত কুমার চন্দ বলেন, “মালামাল না নিতে শামীম আহমদকে অনুরোধ করা হয়েছিল। এমনকি তাকে সরকারিভাবে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল, তিনি শোনেননি। 

“কক্ষটিতে চেয়ার, টেবিল, সোফা সেট, কাঠের আলমিরা, শোকেসসহ কিছু আসবাবপত্র ছিল। এখন এসি ও চারটি চেয়ার ছাড়া সেখানে কিছুই নেই।”

উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর ফাইজুর রহমান বলেন, “আমার মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যানকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ তার লোক নিয়ে এসে মালামাল নিয়ে গেছেন।”

তবে মালামাল নিয়ে যাওয়ার সময় ইউএনও বাধা দিলে তিনি শোনেননি বলে দাবি করেন এই কম্পিউটার অপারেটর।