মেয়ের উত্ত্যক্তকারীর হাতে বাবা খুন, ফাঁসির রায়
২০১৮ সালের ৫ মে ছায়েদ আলীকে ছুরিকাঘাতে করেন রনি; রাতে হাসপাতালে তিনি মারা যান।
বগুড়ায় ব্যবসায়ী ছায়েদ আলী হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে।
মঙ্গলবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত রনি আহম্মেদ (বর্তমান বয়স ৩২) শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়ার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এই আদালতের আইনজীবী নাসিমুল বারী হলি মামলার বরাতে জানান, ২০১৮ সালে গাবতলীর মুরগি ব্যবসায়ী ছায়েদুলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন রনি আহম্মেদ। কিন্তু ছায়েদুল এতে রাজি ছিলেন না।
অভিযোগে বলা হয়, এর জেরে ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করেন রনি৷ এ সময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে ছুরিকাঘাতে করেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক ছায়েদ আলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী মরিয়ম বেগম গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বলে আইনজীবী নাসিমুল বারী জানান৷
তিনি আরও বলেন, আদালত রনি আহম্মেদের ফাঁসির রায় এবং বাকি তিনজনকে খালাস প্রদান করেছেন।
