২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ভুয়া নারী ডাক্তারের লাখ টাকা জরিমানা

এক লাখ টাকা জরিমানা আদায়ের পর মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2022, 10:29 PM

Updated : 02 Aug 2022, 10:29 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসার পরিচয়ে চিকিৎসা দেওয়ার দায়ে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী এই জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দণ্ডিত মুনতাকা ডিলশান ঝুমা (২৬) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজারের সান্তনা ডায়গনস্টিক সেন্টারে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিতেন। তিনি উলানিয়া বাজার এলাকার বাসিন্দা মো. মাইদুলের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তাকারী মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদ মো. আমরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লী চিকিৎসকের (ডিএমএফ) পরীক্ষায় পাস করলেও চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকারি রেজিস্ট্রেশন নিতে হয়।

“ঝুমাও পল্লী চিকিৎসক পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু রেজিস্ট্রেশন না করে নিজেকে মেডিকেল অফিসার পরিচয় দিয়ে সান্তনা ডয়াগনস্টিক সেন্টারে চেম্বার দিয়ে চিকিৎসা দেন। এ অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান করে।”