পঞ্চগড়ে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
আগের দিন চার্জে দেওয়া ইজিবাইকের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ওই নারী বৈদ্যুতিক তারে জড়িয়ে যান বলে জানায় পুলিশ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার।
মৃত মোছা. হোসনে আরা (৪৫) ওই এলাকার মো. রহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রহিদুল ইজিবাইক চালিয়ে সংসার চালান। রোববার রাতে ইজিবাইকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে ঘুম থেকে উঠে রহিদুলের স্ত্রী প্রতিদিনের মতো বাড়ির কাজ শেষে ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান।
এক পর্যায়ে তিনি ছিটকে ঘরের এক কোনে পড়েন। শব্দ পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক প্রবীর চন্দ্র সরকার বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।
