২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু

বাড়ির পাশে ডোবার পড়ে শিশু এবং পুকুরে গোসলে নেমে পানিতে তলিয়ে যান এক বৃদ্ধ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 07:53 PM

Updated : 01 Aug 2023, 07:53 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলার পশ্চিম মৌদাম গ্রামে এক শিশু এবং খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এক বৃদ্ধা মারা যান বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।

নিহত আড়াই বছর বয়সি মাসুদ পশ্চিম মৌদাম গ্রামের বকুল মিয়ার ছেলে। অপর নিহত ৯১ বছর বয়সি হাজেরা খাতুন ফাজিলপুর গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি সাইফুল জানান, মাসুদ বিকালে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সে সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পড়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসতে দেখেন স্বজনরা।

তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

ওসি আরও জানান, অপরদিকে দুপুরে হাজেরা বাড়ির সামনে পুকুরে গোসলে নেমে পানিতে তলিয়ে যান। পরে তাকে পুকুরে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

সুরতহাল শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।