২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেল র‌্যাব ও সাবেক সেনা সদস্যের

ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের পুরাতন মুকসুদপুর এবং কাশিয়ানীর শিবগাতীতে এ দুই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেল র‌্যাব ও সাবেক সেনা সদস্যের

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : 25 Jun 2023, 10:36 PM

Updated : 25 Jun 2023, 10:36 PM

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে আলাদা দুর্ঘটনায় এক র‌্যাব সদস্য এবং অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে, এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার মুকসুদপুরের পুরাতন মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার শিবগাতীতে এ দুই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

নিহতরা হলেন র‌্যাব সদস্য (সেনাবাহিনীর করপোরাল) রবিউল মোমেন (২৪) এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাফর সরদার (৫৩)। 

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, র‌্যাবের একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্যানটি পুরাতন মুকসুদপুর পার হওয়ার সময় উল্টোদিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে চার র‌্যাব সদস্যসহ পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র‌্যাব সদস্য রবিউল মোমেনকে মৃত ঘোষণা করেন। 

আহত র‌্যাব সদস্য রাসেদ হাওলাদার, মিলন, র‌্যাবের কার্পেন্টার আবুল কালাম ও অটো ভ্যানযাত্রী আকমলকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, দুর্ঘটনার বিষয়টি র‌্যাব সদর দপ্তরকে জানানো হয়েছে। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যের মৃত্যু হয় বলে জানান কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম। 

তিনি বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক সাবেক সেনা সদস্য মো. জাফর সরদার ও অপর মোটর সাইকেল চালক শহিদ গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফর সরদার। 

আহত শহিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।