২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে থানা হেফাজত থেকে পালিয়েছে আসামি, তদন্তে কমিটি

ইসমাঈল উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।

তিনি বলেন, সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি থানা হেফাজত থেকে পালানোর বিষয়টির তদন্ত চলছে। একইসঙ্গে ওই আসামিকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, সোমবার ইসমাঈল নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় আনা হয়। পরে থানা পুলিশের সদস্যদের ‘অসাবধানতায়’ ওই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

ইসমাঈল উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধে ২৩ মার্চ স্থানীয় বিল্লাল হোসেন ও তার পরিবারের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা করেন। মামলায় ১৩ জনকে এজাহারনামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। ইসমাঈলও ছিলেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এসআই অজিত কুমারের নেতৃত্বে এক অভিযানে সোমবার গ্রেপ্তার করা হয় ইসমাঈলকে। তাকে থানার এসআই জহিরুল ইসলামের কক্ষে বসানো হয়। পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান ওই আসামি।

এ বিষয়ে এসআই অজিত কুমার বলেন, “ইসমাঈল নামে ওই আসামিকে থানায় আনা হয়েছিল। তাকে থানায় রেখে আমি বেরিয়ে যাই। কিন্তু ফিরে তাকে আর থানায় পাইনি। তবে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

যদিও এসআই জহিরুল ইসলাম এ বিষয়ে ‘কিছু জানেন না’ বলে দাবি করেছেন।

অন্যদিকে, আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “বিষয়টি কীভাবে ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তদন্তে কারও কোনো প্রকার গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”