২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনার তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধ ধসে শিশুসহ দুইজনের মৃত্যু

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2024, 02:41 AM

Updated : 22 Feb 2024, 02:41 AM

ভোলার সদর উপজেলায় মেঘনার তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধ ধসে শিশুসহ দুইজন মৃত্যু হয়েছে; এসময় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দুপুরের দিকে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে বলে ভোলা মডেল থানার ওসি মো. শাহিন ফকির জানান।

নিহতরা হলেন- ওই উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাইজু বেগম (৩৮) এবং আড়াই বছর বয়সী এক শিশুর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, দুপুরে ওই মৎস্য ঘাট সংলগ্ন তীরে একটি মাছ ধরার ট্রলার নোঙর করা হয়। এসময় মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা।

তখন লাইজু তীরের সিসি ব্লক বাঁধের উপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এসময় হঠাৎ করে বাঁধটি ধসে যায়। এতে লাইজু ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটিও মারা যায়।

এছাড়া এই ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]