২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

২০২১ সালের ১৫ মে রাতে রুবিনা তার বাবার বাড়িতে রুকু মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেন বলে জানান পিপি।

নেত্রকোণায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকালে নেত্রকোণা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল হাশেম।

মৃত্যুদণ্ড পাওয়া রুবিনা আক্তার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের ফজলুর রহমানের মেয়ে।

মামলার বরাতে পিপি আবুল হাশেম বলেন, ২০১১ সালে পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তবে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

২০২১ সালের ১৫ মে রাতে রুবিনা আক্তার তার বাবার বাড়িতে রুকু মিয়াকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরদিন সকালে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রুকু মিয়ার ভাই মোহাম্মদ আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি আবুল হাশেম।

অভিযোগপত্র দাখিলের পর ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।