২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলায় ড্রেন থেকে উদ্ধার সুন্ধি কচ্ছপ গেল করমজলে

মোংলার একটি ড্রেন থেকে ‘সংকটাপন্ন’ প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন দুই সংবাদকর্মী।

মোংলায় ড্রেন থেকে উদ্ধার সুন্ধি কচ্ছপ গেল করমজলে

সুন্ধি কচ্ছপটি ছাড়া হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের পুকুরে

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 01:00 PM

Updated : 29 Aug 2022, 01:00 PM

মোংলার বঙ্গবন্ধুপাড়ার কাইনমারী খাল সংলগ্ন ড্রেন থেকে উদ্ধার হওয়া সুন্ধি কচ্ছপের ঠাঁই হয়েছে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে।

প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান গত শুক্রবার দুপুরে কেন্দ্রের পুকুরে তারা কচ্ছপটি ছেড়ে দিয়েছেন।

শুক্রবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু পাড়ার ড্রেনের মধ্যে ওই কচ্ছপটি হাফিজ ও আলআমিন নামে মোংলার দুই সংবাদকর্মীর নজরে আসে।

এরপর সেখান থেকে তারা কচ্ছপটিকে উদ্ধার করে বনবিভাগের ফুয়েল জেটিতে নিয়ে এসে বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

আজাদ কবির বলেন, প্রায় দেড় কেজি ওজনের কচ্ছপটির বয়স প্রায় তিন বছর। এ প্রজাতির কচ্ছপ দীর্ঘদিন মাটির নিচের গর্তে থাকতে পারে এবং শরীরে রোদের তাপ না লাগলে খাবার ছাড়াই টিকে থাকতে পারে বেশ কিছুদিন।

সাধারণত মিষ্টি পানির জলাশয় ও ধান ক্ষেতে এ ধরনের কচ্ছপ থাকে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় এ ধরনের কচ্ছপকে রাখা হয়েছে ‘সংকটাপন্ন’ প্রাণীর তালিকায়।

আজাদ কবিরের ধারণা, কচ্ছপটি গর্ত থেকে বেরিয়ে এসে নিজেই ওই ড্রেনে গিয়ে থাকতে পারে। অথবা কেউ হয়ত খাওয়ার জন্য ধরেছিল, তারপর কোনোভাবে কচ্ছপটি পালিয়ে ড্রেনে আশ্রয় নিতে পারে।

কচ্ছপটি উদ্ধার করায় দুই সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আজাদ কবির বলেন, “তারা উদ্ধার না করলে লোকজন ধরে মেরে ফেলতে পারত।“

মাস তিনেক আগে বাগেরহাটের রামপালের কাদিরখোলা এলাকার একটি চিংড়ি ঘেরের বেড়িবাঁধের উপর থেকে আরেকটি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। সেটিও করমজলের পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।