গোপালগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর
স্বামীর বাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌরসভার কেড়াইল কোপা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম ।
নিহত ফাতেমা বেগম (৫০) বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের রেজাউল মোল্লার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক জহিরুল আলম বলেন, ফাতেমা স্বামীর বাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া যাচ্ছিলেন।
টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেড়াইলকোপা পৌঁছালে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, স্থানীয়রা ফাতেমাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
