দোহারে সাংবাদিককে মারধর, মামলার পর ‘হুমকি’
ঈদের দিন শামীমের বাসার সামনে আসামিরা তাকে লাঠিপেটা করে; পরে বাসায় ঢুকে গেলে সেখানে ঢুকেও কিল-ঘুষি মারে।
ঢাকার দোহারে ঈদের দিন এক সাংবাদিককে মারধরে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় মামলা করার পর ওই সাংবাদিককে এলাকাছাড়া করার হুমকিরও অভিযোগ করেন তিনি।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, শনিবার সকালে উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকায় এ হামলা হয়। ওই রাতেই দায়ের করা মামলায় স্থানীয় জামাল আহাম্মেদসহ (৫০) আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে তিনজন কিশোর রয়েছেন।
হামলার শিকার শামীম আরমান বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ঢাকা দক্ষিণ জেলা এবং দৈনিক মানবজমিন পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি।
মামলার নথি থেকে জানা যায়, ঈদের আগের রাতে (চাঁদ রাত) শামীম আরমান ব্যক্তিগত কাজে জয়পাড়া যাওয়ার উদ্দেশে তার ভাড়া বাসা থেকে বের হয়ে দক্ষিণ জয়পাড়ার পশু হাসপাতালের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় তপু নামের এক কিশোর তার শরীরে একটি আতশবাজি ছুড়ে মারে। এ সময় ওই কিশোরের কাছে শামীম এর কারণ জানতে চাইলে তার বড় ভাই অপু এসে বাকবিতন্ডায় জড়ান। পরে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দিলে শামীম আরমান সেখান থেকে চলে যান।
অভিযোগে বলা হয়, এর ঘণ্টাখানেক পর শামীম তার ভাড়া বাসায় ফিরলে সেখানে অপুসহ আরও কয়েকজন শামীমের বাড়ির সামনে গিয়ে অন্তত দেড়ঘণ্টা আতশবাজি ফাটায় এবং শামীমের ঘরে ইটপাটকেল ছোড়ে।
অভিযোগে আরও বলা হয়, এর জের ধরে ঈদের দিন বেলা পৌনে ১১টার দিকে শামীম বাসা থেকে বের হলে আসামিরা লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়। শামীম দৌড়ে বাসার গেটের ভেতরে প্রবেশ করলে আসামিরা ভেতরে ঢুকে কিল-ঘুষি মেরে আহত করে। এরপর স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
শামীম আরমান দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে শনিবার রাতে মামলা করেন বলে জানিয়েছেন।
শামীম আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আমার উপর হামলা করেও ক্ষান্ত হয়নি। এখন আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করে বলছে আমি নাকি ওই কিশোরকে আঘাত করেছি।
“আমি ওই কিশোরকে আঘাত করিনি। শুধু জিজ্ঞাসা করেছিলাম গায়ে আতশবাজি কেন ছুড়েছে। এখন আসামিরাসহ একটি চক্র আমার মানহানি করতে ও সমাজে হেয় করতে ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য চক্রান্ত করছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
শামীম আরও বলেন, “আজ (রোববার) সকালেও আসামিরা আমার সেজ ভাইয়ের বাসায় গিয়ে ভাবিকে হুমকি দিয়ে এসেছে। মামলা তুলে না নিলে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে।”
ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শামীম বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত চলছে। সাংবাদিকের উপর যারাই হামলা করেছে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।
হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
