জামালপুরে সাড়ে ৭ বছর পর যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার
তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ২০১৫ সালের ৯ ডিসেম্বর।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাছির উদ্দিন আহমেদ জানান, সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিনাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন (৮০) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী ২০১৫ সালের ১ এপ্রিল ময়মনসিংহের মুক্তাগাছা থানায় ৯ জনকে আসামি করে মামলা করেন। একই বছর ৯ ডিসেম্বর আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পাঁচজন গ্রেপ্তার হয়।
“এই মামলার দুই আসামি মারা গেছেন। পলাতক দুজনের একজন বেলায়েত হোসেন গ্রেপ্তার হলেন।”
মামলা দায়েরের পর থেকেই বেলায়েত হোসেন পলাকত ছিলেন বলে জানান তিনি।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
