২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল ১৬ আগ্নেয়াস্ত্র

পুলিশ জানায়, অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়।

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল ১৬ আগ্নেয়াস্ত্র

মরিচা ধরে অধিকাংশ অস্ত্রই নষ্ট হয়ে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 10:11 PM

Updated : 16 Feb 2023, 10:11 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ১৬টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারী নামের এক ব্যক্তির বাড়ির মাটির নিচে অস্ত্রগুলোর পাওয়া যায় বলে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান। 

ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মনোয়ার হোসেন বলেন, “ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অস্ত্রগুলো দেখতে পাই। পুলিশকে বিষয়টি জানাই। 

“আমাদের বাড়িতে ও এলাকায় মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযুদ্ধের সময় এগুলো কেউ মাটির নিচে রেখে থাকতে পারেন।”  

ওসি শিপন বড়ুয়া জানান, অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন ধরে মাটির নিচে থাকায় মরিচা ধরে অধিকাংশ অস্ত্রই নষ্ট হয়ে গেছে। তবে এগুলোর সঙ্গে কোনো গুলি পাওয়া যায়নি।’   

লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।

“এগুলো এখানে কিভাবে এসেছে বা কারা রেখেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে,” বলেন এসপি মাহফুজ্জামান।