সিলেটে পানিবন্দি দুই উপজেলায় ভোট
মঙ্গলবার পর্যন্ত এ দুই উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দির খবর জানিয়েছে প্রশাসন।
টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির মধ্যেই সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় চলছে ভোটের তোড়জোড়।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ বুধবার। এ দুই উপজেলাতেও ভোটের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ভোটগ্রহণের সরঞ্জামাদিও পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে।
এদিকে সরকারি হিসাবে মঙ্গলবার পর্যন্ত এ দুই উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি আছেন।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কানাইঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৯০টি গ্রামের ৮০ হাজার ৬১০ জন বাসিন্দা বন্যা আক্রান্ত। এর মধ্যে ৩২টি আশ্রয়কেন্দ্রে ৪১ জন রয়েছেন। এই উপজেলার মোট জনসংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫৭৪ জন
জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার ১১৩টি গ্রামের এক লাখ ৫৬ হাজার ১৪৭ জন বাসিন্দা বন্যা আক্রান্ত; যার মধ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্রে ৪০৮ জন আছেন। এই উপজেলায় মোট জনসংখ্যা দুই লাখ ৬৭ হাজার ৩০৯ জন।
আর জেলার বাকি উপজেলা ও মহানগরে বন্যায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৯ হাজার ৩৬২ জন; এর মধ্যে ৫৭১টি আশ্রয়কেন্দ্রে ছয় হাজার ৫৬৮ জন আছেন বলে জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়েছে।
বৃষ্টিপাত বাড়লে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আর জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছেন তিনি।
সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫২ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৬ দশমিক ৪ মিলিমিটার; আর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫৩ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির বন্যা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ইসি অনুমতি দেওয়ায় ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে।
“দুই উপজেলায় নয়টি কেন্দ্র পানিতে তলিয়ে থাকায় সেগুলো পরিবর্তন করে নতুন কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হয়েছে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরিন বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বুধবার এ উপজেলায় ভোট হবে। চারটি কেন্দ্র পানিবন্দি থাকায় নতুন চারটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।”
ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিম বলেন, এ উপজেলায় নতুন করে পাঁচটি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
