১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এবার ৩ বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা

এর আগে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্তের পর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি লিখিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 10:12 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের আদালত বর্জনের পর এবার তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। 

রোববার বেলা ১১টায় চাঁদপুর আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গত ৯ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে বারের জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে তিন বিচারকের আদালত বর্জন করা হয়। এরপর বিভিন্নভাবে বিষয়গুলো সমাধানের চেষ্টা হলেও তা হয়নি।  

তাই এই বিচারকদের প্রত্যাহার করার দাবি জানান এ আইনজীবী। 

তিনি বলেন, ১৯৮৬ সাল থেকে আন্দোলন করে আইনজীবীরা বর্তমান পর্যায়ে এসেছেন। আইনজীবীরা বিচারপ্রার্থীদের পক্ষে বিচারকদের সঙ্গে কথা বলেন; এতে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম মেহেদীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সেলিম আকবর, সিনিয়র আইনজীবী মো. ইব্রাহীম, এ টি এম মোস্তফা কামাল, হুমায়ুন কবির, এমরান হোসেন, জিপি এ জেড এম রফিকুল হাসান রিপন ও হারুনুর রশিদ।

এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল আলম খান আকাশ, কাদের খান, শামীম হোসেন, হেদায়েত উল্যাহ, নাজিম উল্লাহ বাপ্পি, আজহার ও আলম খান মঞ্জু।

সভায় বক্তারা বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। 

প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা ব্যানার নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্তের পর নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি লিখিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিন আবেদনে সভাপতি-সেক্রেটারি ও পিপিকে আগেই অবগত করার বিষয় এবং সিনিয়র সিভিল জজ আদালতের একটি নিষেধাজ্ঞা শুনানিতে আইনজীবী নেতাদের ‘বেআইনি আবদার’ রক্ষা না করায় তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আদালতের ওপর প্রভাব বিস্তার করতে না পেরেই মূল ঘটনা আড়াল করতে আইনজীবী নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল।

আাগের সংবাদ

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জন আইনজীবীদেরপাল্টা অভিযোগ আদালতের