২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির ২ সদস্য আহত

তাদের রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 05:17 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তাদের রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নাফ নদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।

তবে বিজিবি কর্মকর্তা আহত দুই সদস্যের নাম জানাননি। 

বিজিবি জানায়, তাদের টেকনাফের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহলদল নাফ নদীতে নিয়মিত কার্যক্রম চালাচ্ছিল। 

এ সময় টহলদলটি নাফ নদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে অতর্কিত গুলি শুরু করে। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

চোরাকারবারি দলের গুলিতে বিজিবির ২ সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা গুলি করতে করতে মিয়ানমার সীমান্তে চলে যায়।