সর্বকালের সেরা সেভ? ব্যাঙ্কসের স্মৃতি ফিরিয়ে আনলেন তুরস্কের গোলকিপার
১৯৭০ বিশ্বকাপে ইংলিশ গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের একটি সেভকে মনে করা হয় সর্বকালের সেরা, এবার অনেকটা একইভাবে একটি শট ঠেকালেন তুরস্কের গোলকিপার ম্যার্ট গিনক।
গুয়াদালাখারায় সেদিন ছিল প্রচণ্ড রোদ। এবার লাইপজিগে পুরো উল্টো অবস্থা, অঝোরে ঝরছিল বৃষ্টি। সময়ের ব্যবধান ৫৪ বছর। কিন্তু মুহূর্তের জন্য ফিরে এলো যেন সেই স্মৃতি। ১৯৭০ বিশ্বকাপে ইংলিশ গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের সেই অবিস্মরণীয় সেভ এবারের ইউরোতে মনে করিয়ে দিলেন তুরস্কের গোলকিপার ম্যার্ট গিনক।
ইউরোর শেষ আটে অস্ট্রিয়ার বিপক্ষে মঙ্গলবার ম্যাচের শেষ সময়ে অবিশ্বাস্য এই সেভ করে দলকে রক্ষা করেন গিনক। ২-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইানালে পৌঁছে যায় তুরস্ক।
জোড়া গোল করে তুরস্কের নায়ক ডিফেন্ডার মেরিহ দেমিরেল। তবে জয়ে বড় ভূমিকা গিনকেরও। তার সেভটি দেখে ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ, সাধারণ দর্শক, অনেকেরই এক লহমায় মনে পড়ে যাচ্ছে ব্যাঙ্কসকে।
ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার ব্যাঙ্কস। ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। ১৯৬৬ থেকে টানা ছয় বছর জিতেছেন ফিফার বর্ষসেরা গোলকিপারের খেতাব। আরও অসংখ্য অর্জন তার আছে। কিন্তু ফুটবল ইতিহাসে তিনি অমর হয়ে আছেন, লোকে তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে একটি অভাবনীয় সেভের জন্য।
১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ ছিল সেটি। প্রথমার্ধে জাইরজিনিয়োর পাস থেকে বক্সের ভেতর লাফিয়ে জোরাল হেড করেন পেলে। গোল-লাইনের দুই গজের মতো আগে মাটিতে ড্রপ করে বল গোলে ঢুকেই যাচ্ছিল প্রায়। পেলে উদযাপন করাও শুরু করে দিয়েছিলেন একরকম। কিন্তু অকল্পনীয় ক্ষিপ্রতায় নিজের শরীরের পেছন দিকে ডাইভ দিয়ে একদম গোলমুখ থেকে তা আটকে দেন ব্যাঙ্কস।
হতভম্ব পেলে তখন বলেন, “আমি তো ভেবেছি, গোল হয়েই গেছে!” ব্যাঙ্কস হেসে বলেন, “আমিও সেটিই ভেবেছিলাম!” আরেক ইংলিশ কিংবদন্তি ববি মুর তখন মজা করে বলেন, “তোমার বয়স হয়ে যাচ্ছে ব্যাঙ্কসি, আগে তো এসব একদম হাতে জমিয়ে ফেলতে!”
ফুটবল ইতিহাসে অসংখ্য অসাধারণ সেভ আছে। কোনো একটিকে নিশ্চিতভাবে সেরা বলার জো নেই। তবে ব্যাঙ্কসের সেই সেভকে তর্কযুক্তভাবে মনে করা হয়, সর্বকালের সেরা। বলা হয়, গোটা বিশ্ব থমকে গিয়েছিল ওই একটি মুহূর্তে।
দ্বিতীয়ার্ধে জাইরজিনিয়োর গোলে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নেয় ব্রাজিল। তবে ব্যাঙ্কসের সেভ পেয়ে যায় অমরত্ব।
ব্যাঙ্কসের সেই সেভের সঙ্গে তুলনায় আসতে হলেও দারুণ কিছু করতে হয়। এবার গিনক সেই চমকপ্রদ নজিরই দেখালেন। ম্যাচের অন্তিম সময়ের খেলা চলছে তখন। ২-১ গোলে পিছিয়ে থাকা অস্ট্রিয়া আক্রমণ করছে মরিয়া হয়ে। ক্রিস্টফ বনগার্টনার ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চার মিনিটের যখন স্রেফ এক সেকেন্ড বাকি, তুরস্কের বক্সের ভেতর একদম কাছ থেকে লাফিয়ে হেড করেন ক্রিস্টফ বমগার্টনার।
এটিও জোরাল হেড ছিল এবং পেলের হেডের মতোই মাটিতে ড্রপ খেয়ে ঢুকে যাচ্ছিল জালে। কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ডাইভ দিয়ে তা বাঁচিয়ে দেন গিনক। ব্যাঙ্কসের মতো বল তার অতটা নাগালের বাইরে হয়তো ছিল না, শরীরের অতটা পেছন দিকে তাকে ঝাঁপাতে হয়নি। তবে সবকিছুই ছিল অনেকটা ব্যাঙ্কসের সেভের মতোই।
দলকে রক্ষা করে খ্যাপাটে উল্লাসে মেতে ওঠেন গিনক। তিনি জানতেন, কত বড় বিপদ থেকে দলকে রক্ষা করেছেন। সতীর্থরাও তাকে ঘিরে উদযাপনে মতে ওঠে।
ধারাভাষ্যকার তখন চিৎকার করে চলেছেন, “হোয়াট আ সেভ! অসাধারণ এক সেভ এটা…২০২৪ ইউরোর সেরা সেভ। তাকে (বমগার্টনার) গোল করতেই হতো, কিন্তু তুরস্কের গোলকিপার দুর্দান্ত সেভ করেছে… আশ্চর্যজনক এক সেভ।” পাশ থেকে সহধারাভাষ্যকার যোগ করেন, “ইউ কান্ট সেভ দ্যাট… কোনোভাবেই হতে পারে না… এটা অদ্ভুতুড়ে…।”
মজার ব্যাপার হলো, ব্যাঙ্কসের সময়ও ধারাভাষ্যকারের কথা ছিল প্রায় একইরকম “হোয়াট আ সেভ… এবারের বিশ্বকাপের সেরা সেভ।”
গিনকের সেভের প্রতিক্রিয়ায় ব্যাঙ্কসের স্মৃতি দোলা দিতে থাকে দ্রুতই। রেডিও ফাইভ লাইভে সাবেক ইংলিশ ডিফেন্ডার ম্যাথু আপসন বলেন, “এটা তো গর্ডন ব্যাঙ্কস… অবিশ্বাস্য… কী এক মুহূর্ত! কিপার বলটাকে স্রেফ গোলের দুয়ার থেকে ফিরিয়ে দিয়েছেন, অসাধারণ সেভ।”
আইটিভিতে সাবেক ডিফেন্ডার লি ডিক্সনের প্রতিক্রিয়া, “ফার্স্ট ক্লাস সেভ… গর্ডন ব্যাঙ্কসের রেপ্লিকা যেন…।” সাবেক স্ট্রাইকার ক্রিস সাটনের রায়, “গিনকের এই সেভ ইউরোর ইতিহাসের সেরা সেভগুলির একটি।”
এবারের ইউরোতে গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া অস্ট্রিয়ার পথচলা থেমে গেল শেষ ষোলোয়। ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক কিছুটা দায় দিলেন ভাগ্যকে আর কৃতিত্ব দিলেন ব্যাঙ্কসরূপী গিনককে।
“দুই গোলে পিছিয়ে থাকার পর কাজটা সহজ নয়। দল সবকিছুই চেষ্টা করেছে। একটি গোল ফিরিয়ে দিয়েছি, সমতা ফেরানোর যথেষ্ট সময়ও ছিল। ভেবেছিলাম, সমতা আমরা ফিরিয়েই ফেলেছি। কিন্তু গোলবারে গর্ডন ব্যাঙ্কস থাকলে কাজটা কঠিন।”
“ভাগ্যকেও কিছুটা পাশে পেতে হয়। বমগার্টনারের হেড থেকে বল যদি জালে যেত এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াত, আমার ধারণা আমরাই জিততাম।”
