১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: ফেনীর দুই উপজেলায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

মঙ্গলবারের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেবে বোর্ড।

ফেনী প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 11:13 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

ভারি বৃষ্টি ও উজানের ঢলে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ায় ফেনীর দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “দুই উপজেলার পরিস্থিতি নিয়ে কেন্দ্র সচিবরা রিপোর্ট দিয়েছেন। আমরা সেটা বোর্ডকে জানিয়েছি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।” 

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবারের স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানিয়ে দেবেন তারা। 

চলতি বছর পরশুরাম উপজেলায় এইচএসসিতে ৬৮৯ জন, আলিমে ১৩০ জন এবং ফুলগাজী উপজেলায় এইচএসসি ও ভোকেশনালে ৮৯৩ জন, আলিমে ১০৮ জন পরীক্ষা দিচ্ছে।

জেলার ছয় উপজেলার ২২টি কেন্দ্রের মধ্যে ফুলগাজীতে এইচএসসি তিনটি, আলিমে একটি এবং পরশুরামে এইচএসসিতে একটি, আলিমে একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ হচ্ছে।

পরশুরাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী আরমান ভূঁইয়া বলেন, তিনি সকালে কেন্দ্রে গিয়ে পরীক্ষা শুরুর আগ মুহূর্তে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে তিনি বাড়ি ফিরে যান।

ভারি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে ফেনীর মুহুরী নদী বিপৎসীমার উপর দিয়ে বইছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।