২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দিনের যাত্রী পরিবহনে ফিরছে বিআইডব্লিউটিসির এমভি মধুমতি

“যাত্রীর চাপ বিবেচনায় সময় আরও বাড়ানো হতে পারে।”

১৪ দিনের যাত্রী পরিবহনে ফিরছে বিআইডব্লিউটিসির এমভি মধুমতি

নৌযান এমভি মধুমতি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 10:16 PM

Updated : 13 Apr 2023, 10:16 PM

ঈদুল ফিতর উপলক্ষে ১৪ দিন ঢাকা-পিরোজপুরের বড় মাছুয়া রুটে  যাত্রী পরিবহনে ফিরছে বিআইডব্লিউটিসির নৌযান এমভি মধুমতি।

মধুমতির একটি লঞ্চ দিয়ে আগামী ১৮ এপ্রিল থেকে এ যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন- বিআইডব্লিউটিসি বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জসিম উদ্দিন ।

নৌযানটি ওই রুটের আটটি ঘাট দিয়ে যাত্রী পরিবহন করবে।

যাত্রী সংকটে ৭ মাস বন্ধ থাকার পর স্বল্প সময়ের জন্য যাত্রী পরিবহনে ফিরলেও নেই কোনো প্রচারণা।

জসিম উদ্দিন সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ও উপকূলীয় রুটে নিয়মিত যাত্রীবাহী স্টিমারের সঙ্গে অতিরিক্ত বিশেষ সার্ভিস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি বলেন, “১৮ এপ্রিল ঢাকা থেকে পিরোজপুরের বড় মাছুয়ার উদ্দেশে যাত্রী পরিবহন করবে এমভি মধুমতি। ১৯ এপ্রিল দুপুর ১২টায় বড় মাছুয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। একইভাবে ২১ এপ্রিল সন্ধ্যায় ঢাকা থেকে বড় মাছুয়ার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে আগামী ১ মে পর্যন্ত ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী ও বড় মাছুয়া রুটে যাত্রী পরিবহন করবে।”

ব্যবস্থাপক জসীমউদ্দীন আরও জানান, ডেকে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ২০৫ টাকা ও ঢাকা থেকে বড় মাছুয়া পর্যন্ত ৩১৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা থেকে বড় মাছুয়া ঘাট পর্যন্ত প্রথম শ্রেণির ভাড়া ১ হাজার ৯১০ এবং বরিশাল পর্যন্ত ১ হাজার ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

“যাত্রীর চাপ বিবেচনায় সময় আরও বাড়ানো হতে পারে।”