১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে

`কারখানায় তেমন পানি মজুদ ছিল না। আমরা বাইরে থেকে পানি সরবরাহ করেছি।‘

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 05:13 PM

Updated : 11 Jan 2023, 03:32 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মোজা তৈরির কারখানায় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানায় এ আগুন লাগে।

বেলা ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

আব্দুল আল আরেফিন বলেন, কারখানার চারতলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

কারাখানার ভেতরে পর্যাপ্ত অয়েল ও কেমিক্যাল ছিল। এছাড়াও মোজা কারখানায় সিনথেটিক জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে; ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ।

“পাশে ওই কারখানার আরও কিছু ভবন ছিল, আমরা চেষ্টা করেছি আগুন যাতে পাশের ভবনে না ছড়িয়ে পড়তে পারে, এতে আমরা সফল হয়েছি।”যোগ করেন তিনি।

এখন আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “এখন ড্যাম্পিং এর কাজ চলছে।”

আগুন নিয়ন্ত্রণে বেগ পতে হয়েছে জানিয়ে আরেফিন আরও বলেন, “কারখানায় তেমন পানি মজুদ ছিল না। আমরা বাইরে থেকে পানি সরবরাহ করেছি।”

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।