বাগেরহাটে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও ফিরোজ নিকারী পলাতক ছিলেন।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা জানান।
গ্রেপ্তার ২৯ বছর বয়সী ফিরোজ নিকারী উপজেলার ছোট খাজুরা গ্রামের বাসিন্দা।
কোম্পানি কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “২০২০ সালের ১০ অক্টোবর রাতে এক এনজিও কর্মীর ঘরে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার চেইন, কানের দুল ও টাকা লুট করে আসামিরা।
“পরে ওই নারীকে ধর্ষণ করে তা মোবাইলে ভিডিও ধারণ করে তারা। এ ঘটনা কাউকে জানালে আসামিরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে যায়।”
ঘটনার পরদিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
তিনি আরও জানান, গত ২ এপ্রিল বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের করাবাসের আদেশ দেয় আদালত।
রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও ফিরোজ নিকারী পলাতক ছিলেন।
শুক্রবার সকালে ফকিরহাট থানায় হস্তান্তর করা হলে ফিরোজকে কারাগারে পাঠানো হয়।
