২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে ফরিদপুরে একজনকে কুপিয়ে হত্যা

পুলিশ জানিয়েছে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এ ঘটনা ঘটে। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 06:54 PM

Updated : 01 Feb 2023, 07:28 PM

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় জমির বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে; আহত হয়েছেন আরেকজন।  

বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল জানান।

নিহত ওহাব মোল্লা (৪০) ওই এলাকার বারেক মোল্লার ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওহাব মোল্লা ও তার ভাই ইমারত মোল্লা সরিষা ক্ষেতে কাজ করছিলেন। তাদের সঙ্গে আগে থেকে জমি নিয়ে বিরোধ ছিল আইয়ূব আলী ও বক্কারদের।

কাজের মধ্যেই কিছু লোকজন দা ও লাঠিসোটা নিয়ে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। ওহাব মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হন ইমারত মোল্লা। তাকে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

তার অবস্থাও আশঙ্কাজনক উল্লেখ করে ওসি বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”