Published : 02 Sep 2026, 09:17 PM
আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেছেন, “আপনারা জানেন সরকারে এখন গ্যাস ও বিদ্যুতের অসুবিধা। আওয়ামী লীগ ১৭ বছরে দেশকে এমনভাবে করে গিয়েছে, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গিয়েছে।
“আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হচ্ছে।”
বুধবার দুপুর আড়াইটার দিকে ভোলা শহরের নতুন বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিন দিনের সরকারি সফরে নিজ এলাকায় গিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, “ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকটি মানুষ আন্দোলন করছে এবং সেতুর জন্য আমরা সবাই কাজ করছি।”
সেতুর বিষয়টি সরকার তার নিজস্ব অবস্থান থেকে দেখছে এবং মহাসড়কের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এসব বিষয়ে ভোলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান পার্থ।
ভোলা-বরিশাল সেতু নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব-ডিপিপি অনুমোদনের অপেক্ষায়। ভোলায় ১২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হবে এবং নদী ভাঙনরোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হবে।
সরকারের ছয় মাসে নিজের অবস্থানের কথা তুলে ধরে সংসদ সদস্য পার্থ বলেন, “ছয় মাসে আপনারা আমাকে দেখেছেন, আমি এমপি হিসেবে ছিলাম, এক টাকা দুর্নীতির নামও আপনারা শোনেননি। কোনো মিথ্যা মামলা হয়রানি, চাঁদাবাজি হয়নি।
“ইনশাআল্লাহ আমি এতটুকু কথা দেই, কোনো চোর সন্ত্রাসী আমার দলের না। আমার দল ব্যবহার করে কেউ যদি ডাকাতি করে, সন্ত্রাসী করে, চুরি করে তাহলে আমার একটাই কথা- কোনো সন্ত্রাসী, কমিশন, জিআর-টিআর কন্ট্রাকটারি আমার রক্তে নাই, আমার বংশেও নাই।”
এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদী বন্দরে যান মন্ত্রী। এরপর সেখান থেকে স্পিডবোটে করে দুপুরে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছান তিনি। এ সময় সেখানে তথ্যমন্ত্রী পার্থকে ফুলেল শুভেচ্ছা জানান ভোলার জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।
এ ছাড়া শুভেচ্ছা জানান ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন এবং সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ অন্যরা।