২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নগরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

দুই হাঁটুর উপরে কুপিয়ে আহত করায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে, বলেছেন চিকিৎসক।

কুমিল্লা নগরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

নিহত ইজাজ আহমেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মণিপুর গাবতলীর সিরাজুল ইসলামের ছেলে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 12:38 AM

Updated : 26 Jun 2023, 12:39 AM

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে একদল হামলাকারী। 

রোববার রাতে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ইজাজ আহমেদ (৩৫) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের মণিপুর গাবতলীর সিরাজুল ইসলামের ছেলে। সিরাজুল ইসলাম ওই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে ইজাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে একদল হামলাকারী। এ সময় ইজাজ দৌড়ে প্রাণ রক্ষার চেষ্টা করলেও কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার-পাঁচজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। 

“পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।” 

কান্দিরপাড় এলাকার অন্তত দুইজন হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, খুনিরা ইজাজের দুই হাঁটুতে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে গেছে।   

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাঁটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।” 

মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান এই চিকিৎসক।