২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

আসাদ যুবলীগের সক্রিয় কর্মী ছিল বলে জানিয়েছেন তার চাচাতো ভাই  আলমগীর।

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 01:27 PM

Updated : 29 Aug 2023, 01:26 PM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরেক যুবক। 

সোমবার রাত পৌনে ৯টার দিকে শহরের আটানী বাজারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ। 

নিহত আসাদুজ্জামান আসাদ (৩২) উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। 

নিহতের চাচাতো ভাই কাজী আলমগীর হোসেন জানান, সোমবার রাতে আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে চা পান করছিল। 

রাত পৌনে ৯টার দিকে ১৫-২০ জন যুবক চাইনিজ কুড়াল, রড ও হকিস্টিক নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। এ সময় তারা উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে যায়।

“পরে আসাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সঙ্গে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। নাহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ”

আসাদ যুবলীগের সক্রিয় কর্মী ছিল জানিয়ে আলমগীর অভিযোগ করেন, “এর পূর্বেও আসাদকে একবার পিটিয়ে আহত করা হয়। সে ঘটনায় থানায় মামলা চলমান। সেই মামলার আসামিদের নেতৃত্বেই আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

ওসি মো. আব্দুল মজিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পরে মামলা হবে।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।