বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তা ও ‘গৃহিণী’ স্ত্রীর নামে দুদকের মামলা
মামলায় সাবেক ওই কর্মকর্তাকে দুই নম্বর ও তার স্ত্রীকে এক নম্বর আসামি করা হয়েছে বলে দুদক জানায়।
কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আতিকুর রহমান বাদী হয়ে দুদক কুমিল্লার উপ-পরিচালক বরাবর মামলার আবেদন করেন।
আসামিরা হলেন- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক উপব্যবস্থাপক (রাজস্ব) মো. আব্দুল হাই ভূঁইয়া এবং তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম।
দুদক জানায়, আসামিদের কাছে অবৈধভাবে ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে তারা।
মামলার এজাহারে বলা হয়, দুদক থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অবসরপ্রাপ্ত উপব্যবস্থাপক আব্দুল হাই ভূঁইয়ার গৃহিণী স্ত্রী আঞ্জুমান আরা বেগমের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়। দুদকের ওই ফরম গত ২৮ ফেব্রুয়ারি গ্রহণ করেন তিনি।
পরে সম্পদ বিবরণী পূরণ করে দুদকের পাঠানো ফরমটি ৬ মার্চ নিজ স্বাক্ষরে জমা দেন আঞ্জুমান আরা বেগম৷
সেই সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন, তার নিজ নামে মোট ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৮ টাকার স্থাবর সম্পদ এবং মোট ৮৩ লাখ ৬১ হাজার ৫২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। অর্থাৎ তিনি সর্বমোট ২ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ১৪০ টাকার সম্পদ অর্জন করেছেন।
আঞ্জুমান আরা বেগমের আয়কর নথি অনুযায়ী তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩৫ লাখ ৫ হাজার ৭৯৩ টাকা।
পারিবারিক ও অন্য ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৯৩৩ টাকা।
তার দাখিলকৃত সম্পদ বিবরণী ফরমের স্থাবর অংশে ৬ শতাংশ জমি এবং ওই জমিতে চারতলা নির্মাণাধীন একটি বাড়ির কথা উল্লেখ করেছেন। ওই জমি তার মায়ের কাছ থেকে হেবা সূত্রে অর্জন করেন বলে দাবি করেন তিনি।
তবে সম্পদ বিবরণী ফরমে ওই বাড়ি নির্মাণের ব্যয়ে অর্থের পরিমান উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানকালে দুদকের নিরপেক্ষ প্রকৌশলী দল বাড়িটি পরিমাপ করে চারতলা এই ভবনের নির্মাণ ব্যয় নির্ধারণ করেন ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৮ টাকা।
এছাড়া তার দাখিল করা সম্পদ বিবরণীর অস্থাবর অংশে মোট ৮০ লাখ ৬১ হাজার ৫২ টাকার কথা উল্লেখ করলেও অনুসন্ধানে মোট ৮৩ লাখ ৬১ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
অর্থাৎ তিনি সম্পদ বিবরণীতে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৮ টাকার স্থাবর সম্পদ ও ৩ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের কাছে প্রতীয়মান হয়।
ফলে তার গোপন সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৮৮ টাকা।
আয়কর নথিতে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত তিনি মোট আয় ১ কোটি ২৫ লাখ ২২ হাজার ৫১ টাকা দেখালেও অনুসন্ধানে এই টাকার মধ্যে মোট ১১ লাখ ৭৭ হাজার ৯১১ টাকার অসামঞ্জস্যপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ আয় পায় দুদক। যার বিপরীতে কোনো তথ্য-প্রমাণ তিনি দেখাতে পারেননি।
মামলার এজাহারে আরও বলা হয়, কাজেই, তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় মোট ১ কোটি ১৩ লাখ ৪৪ হাজার ১৪০ টাকা। তার মোট অর্জিত সম্পদ তার জ্ঞাত-আয়ের উৎসের চেয়ে বেশি হওয়ায় তার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকা।
মামলায় অভিযোগ করা হয়, আঞ্জুমান আরা বেগম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে সম্পদের মিথ্যা হিসাব প্রদান, তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে তিনি এবং তার স্বামী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সোমবার বিকালে মামলার বিষয়টি জানিয়ে দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, “মামলার তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
