সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু শনিবার
“পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে, তার ওপর ভিত্তি করে আমরা রোজা ও ঈদ করি”, বলেন হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফের পীরজাদা বাকীবিল্লাহ মিশকাত।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবির নামাজ ও রোজা রাখার প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ।
গ্রামগুলোর মধ্যে আছে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রাম।
হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফের পীরজাদা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ১৯৩২ সাল থেকে দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।
তিনি আরও বলেন, “পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে, তার ওপর নির্ভরশীল হয়ে আমরা রোজা ও ঈদ করি। এবার শুরুতে কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় আমাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে। পরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে চাঁদ দেখার খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। আমরাও শনিবার থেকে তারাবি ও রোজা পালনের সিদ্ধান্ত নিই।”
