মাদারীপুরে জমির বিরোধে চার ঘরে ভাঙচুর, লুটপাটের অভিযোগ
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শতাধিক মানুষ রামদা, ঢাল, টেঁটা, চাপাতি নিয়ে বাড়িঘর ভাঙচুর করছে।
মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার পরিবারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তিনজন আহত হয়েছেন।
বুধবার দুপুরের দিকে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি জমি নিয়ে গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদার ও লোকমান খাঁর মধ্যে বিরোধ আছে। দুপুরে লোকমানের ফুফাত ভাই শামচু সরদারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলা চালায়।
এ সময় মুক্তিযোদ্ধার চারটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। বাধা দিলে পিটিয়ে আহত করা হয় পরিবারের তিন নারী সদস্যকে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শতাধিক মানুষ রামদা, ঢাল, টেঁটা, চাপাতি নিয়ে বাড়িঘর ভাঙচুর করছে। এ সময় নারী সদস্যদের মাঝে শুরু হয় চিৎকার-চেঁচামেচি।
এ বিষয়ে আব্দুল মান্নান শিকদারের ছেলে ইমরান শিকদার বলেন, “আমাদের সঙ্গে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমি আমরা আদালতে নির্দেশে পেয়েছি। তারপরও তারা তা মানে না। গায়ের জোরে আমাদের ওপর হামলা চালিয়েছে। এর বিচার চাই।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে।”
এলাকা ছেড়ে যাওয়ায় এ ব্যাপারে চেষ্টা করেও লোকমান খাঁ কিংবা শামছু সরদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
