কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চার বছর আগে সাত বছর বয়সী শিশুটিকে ঘাস কেটে দেওয়ার কথা বলে পাশের তামাক ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন ওই যুবক।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশু ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে পিপি আব্দুল হালিম জানান।
দণ্ডপ্রাপ্ত মো. জনি (৩৪) ওই উপজেলার হাফিজুল প্রামানিকের ছেলে। তার এক লাখ টাকা জরিমানাও হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাবাসে থাকতে হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকালে উপজেলার ফিলিপনগর গ্রামের মাঠে ঘাস কাটছিল গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া তিন শিশু। এ সময় জনি সাত বছর বয়সী একটি শিশুকে ঘাস কেটে দেওয়ার কথা বলে পাশের তামাক ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে অপর দুই শিশু এবং মাঠে কর্মরত চাষিরা ছুটে গেলে জনি পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে জনিকে একমাত্র আসামি করে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করেন।
তদন্ত শেষে পরের বছরের ১৮ মার্চ দৌলতপুর থানার এসআই শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।
