২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জমির বিরোধে হত্যা: ৩ জনের যাবজ্জীবন

২০০৯ সালের ৩০ অগাস্ট তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 03:54 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন- রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান, একই গ্রামের হীরা মিয়া এবং বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম। 

মামলার বিচারকাজ চলমান থাকা অবস্থায় বোয়ালিয়ার চর এলাকার আব্দুল মজিদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহান শাহ মামলার বরাত দিয়ে বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মোন্নাফ ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

পরে ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে খালাস এবং বিচার চলাকালে মৃত্যুবরণ করায় এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।